পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব, প্রধান শিক্ষক ছুরিকাহত
গাইবান্ধায় স্কুলের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগে এক পল্লী চিকিৎসককে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোস্তাফিজুর রহমান জানান।
আটক আব্দুল জোব্বার (৪০) খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি পল্লী চিকিৎসক।
আহত প্রধান শিক্ষক ওয়ালিয়ুর রহমান বোরহানকে (৫২) গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মোস্তাফিজুর বলেন, বিদ্যালয়ে ক্লাস চলার সময় আব্দুল জোব্বার তার ভাই আব্দুল জলিল, আলী হাসান ও লাভলু মিয়াসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক ওয়ালিয়ুর রহমানের অফিস কক্ষে ঢোকেন।
“হামলাকারীরা প্রথমে ওয়ালিয়ুর রহমানকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে আব্দুল জোব্বার তার হাতে থাকা একটি ছুরি দিয়ে প্রধান শিক্ষকের ডান হাতে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।”
পরে হইচই শুনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষাথীরা ধাওয়া করে আব্দুল জোব্বারকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায় বলে জানান তিনি।
এসআই জানান, সম্প্রতি বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের কথা থাকলেও ভোটাভুটি ছাড়াই প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
“কিন্তু নিয়মানুসারে ভোটের মাধ্যমে নতুন কমিটি হলে তাতে আব্দুল নির্বাচন করতে পারতেন। তাই আহবায়ক কমিটি গঠন করায় তিনি ক্ষিপ্ত হন এবং প্রধান শিক্ষকের ওপর এ হামলা করেন।”
আটক আব্দুল জোব্বারকে সাদুল্লাপুর থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।
