ফুলছড়ির চরে গুলিতে আমিন নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ভূমি জরিপকারী নিহত হয়েছেন।
ব্রহ্মপুত্র নদের চর এলাকা ফজলুপুর ইউনিয়নের কুচখালীতে (চিকিরপটল)সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল খান (৩৮) ওই গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জালাল জানান, রাত সাড়ে ১০টার দিকে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি অস্ত্রসহ নৌকাযোগে কুচখালী চরে আসে।
“তারা শহিদুলের বাড়ি গিয়ে তাকে শয়ন ঘর থেকে ডেকে নিয়ে তার বাম চোখে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।”
ফুলছড়ি থানার ওসি মো. খায়রুল বাশার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কোনো কারণ পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি।
তবে ব্যক্তিগত কিংবা পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
