২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আটক ৮

সিলেট নগরীর আম্বরখানায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 12:42 AM

Updated : 20 Aug 2022, 01:31 PM

সোমবার রাত ১০টার দিকে আম্বরখানা পয়েন্টে এ ঘটনার পর ছাত্রলীগের সাবেক কেন্ত্রীয় সহসম্পাদক মাসুদ কামাল সুফিসহ আটজনকে আটক করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, হযরত শাহজালাল (র.) এর ওরস উপলক্ষে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া আশপাশের কয়েকটি সড়কে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটর সাইকেলে নিয়ে যেতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনা (মিডিয়া) রহমত উল্লাহ জানান, ওরস উপলক্ষে সন্ধ্যার পর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা টু জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তায় সব ধরনের যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। সেখানে পুলিশের পাঁচ থেকে ছয়জনের একটি টইল দল দায়িত্ব পালন করছিল।

রাত ১০ টার দিকে আম্বরখানা পয়েন্টে পুলিশের ব্যারিকেডের বাধা উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তায় প্রবেশ করতে চান ছাত্রলীগ নেতা সুফি। এসময় তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন।

এই পুলিশ কর্মকর্তা বলছেন, এরপর ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী আম্বরখানা পয়েন্টে এসে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উপ-পরিদর্শক শাহীন, এএসআই আজিজ, ফরহাদ, কনস্টেবল আব্বাসসহ চার পুলিশ আহত হন। তাদেরকে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত থেকে আট রাউন্ড গুলি ছোড়ে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনা রহমত উল্লাহ।