গোবিন্দগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে।
সোমবার উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
নিহত শাপলা বেগম (২৩) গ্রামের শাহিন মিয়ার স্ত্রী।
এ ঘটনার পর পলাতক রয়েছে শাহিন ও তার পরিবার।
পরিবারের বরাত দিয়ে এসআই আজাদ জানান, তিন বছর আগে শাহিন ও শাপলার বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে।
“বিয়েতে যৌতুকের ১২ হাজার টাকা বাকি ছিল। সে কারণে শাহিন প্রায়ই তাকে মারধর ও নির্যাতন করত। রোববার শাপলার বাবা তাদের বাড়িতে এলে যৌতুকের টাকা তাকে অপমান করে শাহীন।
“এর জেরে রাতে ঝগড়ার এক পর্যায়ে শাপলাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের ধর্নার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।”
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সোমবার পুলিশ লাশ উদ্ধা করে বলে জানান তিনি।
