সিরাজগঞ্জে শিশু নিখোঁজ, আটক ১
সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
রোববার নিখোঁজ পল্লব চক্রবর্তী (৩) রায়গঞ্জের ব্রহ্মগাছা গ্রামের পলান চক্রবর্তীর ছেলে।
সোমবার সকালে পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিখোজ শিশুর বাবা পলান চক্রবর্তী জানান, “রোববার সকালে পল্লব বাড়ির পাশে খেলছিল। দীর্ঘ সময় চলে গেলেও না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে থানায় জিডি করেছি।”
“ধারণা করা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে। তবে এখনও কেউ মুক্তিপণের জন্য ফোন করেনি।”
প্রত্যক্ষদর্শী একই গ্রামের সত্যেন চন্দ্র শীলের স্ত্রী ষষ্ঠী শীল জানান, ব্রহ্মগাছা বাজার মসজিদের ইমাম রবিউল ইসলাম রোববার সকালে ছেলেটিকে রাস্তা পার করে দিয়েছেন। ধারণা করা হচ্ছে শিশুটি নিখোঁজের সঙ্গে ওই ইমাম জড়িত থাকতে পারে।
রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম জানান, জিডিতে ইমামের নাম উল্লেখ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের থানায় আনা হয়েছে। শিশুটির সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
