গাইবান্ধায় ১৫ দোকান ভস্মীভূত
গাইবান্ধা শহরে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ডিবি রোডের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আজিজুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে হঠাৎ একটি দোকানে আগুন লেগে অন্য দোকানে ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে মোটরসাইকেল, খুচরা যন্ত্রাংশ, মনিহারি, খাবার হোটেল, লনড্রিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর ১৫টি দোকান পুড়ে যায় বলে তিনি জানান।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
আগুনে তার বেশ কিছু দামি মোটর পার্টস পুড়ে গেছে বলে তিনি জানান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
জির্নিয়াস কম্পিউটারের মালিক মিলন মিয়া জানান, আগুনের ঘটনায় তার দোকানে থাকা কম্পিউটার ও কম্পিউটারের বেশ কিছু পার্টস পুড়ে ছাই হয়ে গেছে।
জেলা প্রশাসক আবদুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুনের কারণ তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
