গ্রেপ্তার ‘আনসার রাজশাহীর’ দুই সদস্য রিমান্ডে
রাজশাহীর বাগমারা থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহীর’ দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার বিকালে শুনানি শেষে রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক একরামুল করিম দুইদিন রিমান্ড মঞ্জুর করেন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।
এরা হলেন আমিনুল ইসলাম ওরফে রুমি ও এনামুল হক ওরফে সবুজ।
এসআই রুহুল আমিন বলেন, গত ১৬ অগাস্ট ভোরে উপজেলার খামারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ১৭ অগাস্ট পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় তাদের।
“গ্রেপ্তারকৃতরা ‘আনসার রাজশাহী’ নামের নতুন জঙ্গি সংগঠন গড়ে মুক্তমনা ও হিন্দু ধর্মালম্বী চিকিৎসকদের হত্যার পরিকল্পনা করছিল। তবে হত্যাকাণ্ড ঘটার আগেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদের সঙ্গে জড়িত আরও চারজনকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
