চিকিৎসক হত্যা পরিকল্পনায় রাজশাহীতে ২ জঙ্গি গ্রেপ্তার
রাজশাহীতে এক হিন্দু চিকিৎসককে হত্যার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নতুন জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’র সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- বাগমারার খামাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে রুমি ও আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হক ওরফে সবুজ।
এসপি বলেন, ‘আনসার রাজশাহী’ নামের নতুন জঙ্গি সংগঠনের সদস্যরা বাগমারা এলাকার চিকিৎসক নীরেন্দ্রনাথ সরকারকে হত্যার ষড়যন্ত্র ও চেষ্টা করছিল।
আমিনুলকে সোমবার রাত আড়াইটার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর এনামুলকে গ্রেপ্তার করা হয় বাগমারার হাতিবান্ধা থেকে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছেন, পলাতক আবু ইব্রাহিম ওরফে তারেক ওরফে রিপন তাদের নেতৃত্ব দেন।
“শরিয়াভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার অপচেষ্টার অংশ হিসেবে ‘আনসার রাজশাহী’র ব্যানারে তারা সংগঠিত হয়।”
এ দলের ছয় সদস্যের নাম জানা গেছে, যারা বাগমারাসহ রাজশাহী অঞ্চলে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যড়যন্ত্র করছিল বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
এ ঘটনায় বাগমারা থানায় গ্রেপ্তার দুইজনসহ ছয়জনকে আসামি করে একটি মামলা হয়েছে বলে এসপি মোয়াজ্জেম জানান।
অপর চার আসামি হলেন- বাগমারার শ্রীপুর খামারপাড়া এলাকার আব্দুর হাকিম মাস্টারের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে তলহা, পাবনার পাড়ভাঙ্গুড়া গ্রামের রবিউল করিমের ছেলে রওশন আলী ওরফে আকাশ, রাজশাহীর বোয়ালিয়ার আবু ইব্রাহিম ওরফে তারেক ওরফে রিপন এবং মো. বুলবুল ওরফে আলামিন ওরফে বিল্লাল।
