২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঝড়ে পাটকল শ্রমিকসহ নিহত ৬

ফরিদপুর সদর উপজেলায় ঝড়ে পাটকলের শেড ভেঙে ও গাছ চাপায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 03:49 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রোববার দুপুরে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বাখুন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের শেডের নিচে চাপা পড়ে তিন শ্রমিক এবং কেশবনগর ও দড়ানীপাড়া গ্রামে গাছ চাপায় দুই জনের মৃত্যু হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন।

নিহতরা হলেন জোবাইদা করিম জুট মিলের শ্রমিক হযরত আলী (৪০), আকাশ (২২), মালতি (২৫), বাখুন্ডা এলাকার চাঁন মিয়া ও কেশবনগর এলাকায় বীরেন বিশ্বাস (৩৫) এবং মানিকগঞ্জের আবুল হোসেন (৪০)।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ঝড়ে জেলার শতাধিক বাড়িঘর ও সহস্রাধিক গাছপালা ভেঙে পড়েছে।

ওসি বলেন, বেলা ১টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে জোবাইদা করিম জুট মিলের প্রায় ৫/৬ হাজার বর্গফুট স্টিলের শেড ভেঙে পড়ে। এ সময় শেডের নিচে চাপা পড়ে এক নারীসহ তিন শ্রমিক নিহত হন।আহত হয় অন্তত ৫০ শ্রমিক।

“সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জুট মিল শ্রমিক চাঁন মিয়া মারা যান।”  

এছাড়া উপজেলার কেশবনগর এলাকায় বীরেন বিশ্বাস ও কৃষ্ণনগর ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে আবুল হোসেন গাছচাপায় মারা গেছেন বলে জানান তিনি।

আবুল হোসেন মানিকগঞ্জ থেকে ওই এলাকার বারেক দড়ানীর বাড়িতে দিন মজুরের কাজ করতে এসেছিলেন বলে জানিয়েছেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সিদ্দিুকর রহমান।

মিলের জেনারেল ম্যানেজার মতিউর রহমান বলেন, মাত্র কয়েক মিনিটের ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাচ্ছে না বলে জানান তিনি।

ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি মনদীপ ঘরাই বলেন, নিহত পাঁচজনের পরিবারকে ২০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া মিলের আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা জোবায়দা করিম জুট মিলের বিধ্বস্ত শেডে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।

এছাড়া ঝড়ে ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী, সাদীপুর ও খুশীরবাজার এলাকায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুর সদরের মধুখালীর গড়াই সেতু পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সড়কে গাছ পড়ে ঢাকা-বরিশাল মহাসড়কেরও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।