নবাবগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার রাতে এ হামলায় নিহত হাসমত বেপারি (৫৫) উপজেলার রূপারচরের মৃত মজিদ বেপারির ছেলে।
পারিবারিক শত্রুতার জেরে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
নবাবগঞ্জ থানার এসআই আশরাফুল আলম তালুকদার বলেন, রাত ১০টার দিকে বাড়ির পাশে রাস্তায় তিন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হাসমতকে।
“স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গভীর রাতে পুলিশ লাশ উদ্ধার করেছে।”
সুরতহাল শেষে রোববার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসআই আশরাফ জানান, এ ঘটনায় হাসমতের প্রতিবেশী তিন সহোদর মো. জসীম উদ্দিন, মো. মারফত ও আমানউদ্দিনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম।
