২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ভর্তি করবে আইইউটি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ছাত্রী ভর্তি করা হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 01:49 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

শুক্রবার সকাল ৯টায় ওআইসির মহাসচিব ও বিশ্ববিদ্যালয়টির আচার্য ইয়াদ আমিন মাদানী গাজীপুরের ক্যাম্পাস পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।

তিনি আইইউটির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি সার্বিক সহযোগিতা দেবে।

তাছাড়া তিনি আইইউটিতে বিবিএ অনুষদ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ কয়েকটি নতুন প্রোগ্রাম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় আইইউটির উপাচার্য মুনাজ আহমেদ নূর, ওআইসিতে বাংলাদেশর পরিচালক গাউসুল আজম সরকারসহ বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সহকারী প্রটোকল অফিসার মো. নাহিদুল ইসলাম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে সম্মান প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে।

“এ বছর থেকে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও প্রতিযোগিতামূলক ভর্তিপরীক্ষায় অংশ নিতে পারবে।”

বিশ্ববিদ্যালয়টিতে এ বছর সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং - এ চার বিভাগে ২৪০ জনের মতো শিক্ষার্থী ভর্তি করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর ভর্তিপরীক্ষা ও জানুয়ারিতে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে ।

১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে প্রথম ছাত্র ভর্তি করা হয়। ওআইসির তত্ত্বাবধান ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়।