পটুয়াখালীতে স্কুলছাত্রের রক্তাক্ত লাশ
পটুয়াখালীতে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে, যার মুখে রক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের কবরস্থান এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান।
নিহত সবুজ মিয়া (১৫) ওই এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী মো. মতিউর রহমানের ছেলে। সে পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহত সবুজের বাবা মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১টায় মোবাইল ফোনে সবুজের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। সবুজ তখন কবরস্থান এলাকায় ‘মতির হোটেল’ নামে পরিচিত তাদের রেস্তোরাঁয় কাজ করছিল।
“রেস্তোরাঁ থেকে কিছুক্ষণের মধ্যেই তার বাসায় ফেরার কথা ছিল। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়।”
পুলিশ কর্মকর্তা সাহেব আলী বলেন, রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
“নিহতের মুখমণ্ডলে রক্ত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটা খুন।”
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার চার যুবককে থানায় আনা হয়েছে বলে তিনি জানান।
‘তদন্তের প্রয়োজনে’ পুলিশ তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
