২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর দাগনভূইয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার দুদমুখা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূইয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজীম জানান।

নিহতরা হলেন উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়পুর এলাকার বেলাল হোসেনের ছেলে নজরুল ইসলাম জুয়েল (২৮) ও তোফাজ্জল হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী এবায়দুল্লাহ (২৯)।

পরিবারের বরাত দিয়ে সোনাগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন জানান, বুধবার বিকালে দাগনভূইয়া থেকে ছয়টি মোটরসাইকেলে করে কয়েকজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটর পর্যটন এলাকা দেখতে যায়। পথে দুদমুখা বাজার এলাকায় ঢাকাগামী ড্রিম লাইন পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়।

“এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেকজন গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।”

পরিদর্শক আনোয়ারুল বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।