মাগুরায় রউফ হত্যামামলায় ৪ জনের যাবজ্জীবন
মাগুরায় কৃষক আব্দুর রউফ হত্যামামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার বেলা ১২টায় মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মাহফুজা বেগম এ রায় দেন বলে জানান পিপি কামাল হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের মোহন, সুরত আলী, হাসেম ও পারভেজ।
তাদের মধ্যে পারভেজ পলাতক।
পিপি মামলার বরাত দিয়ে বলেন, ২০১১ সালের ১৪ জুলাই দুপুরে পূর্ববিরোধের জেরে আসামিরা বরালিদহ গ্রামের আহাদ মোল্লার ছেলে আব্দুর রউফকে কুপিয়ে জখম করেন। গুরুতর অহত রউফকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার দুই দিন পরে রউফের ছেলে রিপন মোল্লা আটজনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যামামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে সবার নামে অভিযোগপত্র দেয় বলে জানান পিপি কামাল।
