২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়ায় মেজবানে গণ্ডগোল

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর দেওয়া মেজবানে গণ্ডগোল হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

সোমবার দুপুরে টুঙ্গীপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ প্রাঙ্গণে মেজবান চলাকালে মহিউদ্দিন ও তার লোকজন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার সঙ্গে ‘দুর্ব্যবহার করার পর’ সেখানে হামলা হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

টুঙ্গীপাড়ার মেয়রের অভিযোগ, মহিউদ্দিন ও তার লোকেরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের সঙ্গেও ‘দুর্ব্যবহার করেন’।

তবে মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। টুঙ্গীপাড়ায় মেজবান শেষ করে চট্টগ্রাম ফিরে যাচ্ছেন তিনি।

টুঙ্গীপাড়া থানার ওসি মাহামুদুল হক জানিয়েছেন, খাবার পরিবেশনের ‘ত্রুটিকে’ কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়। এতে কেউ আহত হয়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এবার ৩৮ হাজার মানুষের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন বন্দরনগরীর সাবেক মেয়র মহিউদ্দিন।

মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও মেজবানের প্রধান সমন্বয়কারী মো. ওসমান গনি জানিয়েছিলেন, শোক দিবস উপলক্ষে টুঙ্গীপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩০ হাজার ও বালাডাঙ্গা এসএম মুছা উচ্চ বিদ্যালয় মাঠে ৮ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শী মামুন বিশ্বাস বলেন, টুঙ্গীপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে দুপুর ১টার দিকে মেজবান শুরুর পর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে যান।

“এসময় তাদের সঙ্গে মহিউদ্দিন চৌধুরী ও তার লোকজন দুর্ব্যবহার করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে অন্য নেতা-কর্মীরা মিটিয়ে দেন। আড়াইটার দিকে ঘটনাস্থলে আসেন টুঙ্গীপাড়ার মেয়র। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে মহিউদ্দিনের লোকজন তাকে বলে- খেতে আইছেন, খেয়ে চলে যান; কোনো বক্তব্য দেবেন না।

“এতে মেজবানে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে। এ সময় খাবার নষ্ট হয়ে মেজবান বন্ধ হয়ে যায়।”

টুঙ্গীপাড়ার মেয়র আহম্মেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিউদ্দিন চৌধুরী ও তার লোকজন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথেও দুর্ব্যবহার করেন। দুর্ব্যবহার করেন আমার সঙ্গেও।”

বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেজবানের আপ্যায়ন করার কথা ছিল।

টুঙ্গীপাড়ার মেয়রের দাবি, ওই ঘটনার আগেই আপ্যায়ন শেষ হয়।

ওসি মাহামুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাবার পরিবেশনের ত্রুটিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কিছু খাবার নষ্ট হয়েছে। কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

গত ১৫ বছর ধরে ১৫ অগাস্ট টুঙ্গীপাড়ায় মেজবান আয়োজন করে আসছেন মহিউদ্দিন। গতবার প্রায় ৩৬ হাজার মানুষের জন্য ছিল এই আয়োজন।