কক্সবাজারে সাগরে নেমে স্কুলছাত্র নিখোঁজ
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার বেলা পৌনে ২টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসআই মো. মহিদুল্লাহ।
নিখোঁজ মো. কামাল উদ্দিন (১২) কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সে।
এসআই মহিদুল্লাহ বলেন, মামাসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে কামাল উদ্দিন সৈকতে বেড়াতে আসে। এক পর্যায়ে তারা সমুদ্রের কলাতলী পয়েন্টে গোসলে নামে।
“এ সময় সমুদ্রে পূর্ণভাটা থাকায় কামাল ভেসে যায়। তার সঙ্গে থাকা স্বজনরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।”
নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
