২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে ‘পতাকা তুলতে আপত্তি’, তারপর জনতার রোষ

মাগুরা সদরে শোক দিবসে পতাকা অর্ধনমিত রাখতে আপত্তি তুলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছেন এক মাদ্রাসা অধ্যক্ষ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 04:00 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

সোমবার সকালে উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে বেরইল দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অধ্যক্ষ আব্দুল আজিজ ‘পলাতক’ বলে বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী জানান।

তিনি বলেন, জাতীয় শোক দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও ওই মাদ্রাসায় তা রাখা হয়নি জানতে পেরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা খন্দকার জবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে যান।

“তারা অধ্যক্ষকে পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখার কথা বললে অধ্যক্ষ মাদ্রাসার কর্মচারী আসেনি জানিয়ে পতাকা তুলতে অস্বীকৃতি জানান।

“এলাকাবাসী বারবার অনুরোধ করার পরও তিনি পতাকা উত্তোলন করতে রাজি না হয়ে উল্টো বলেন, প্রয়োজনে আত্মহত্যা করবেন, তবু পতাকা ছোঁবেন না।”

এক পর্যায়ে উত্তেজিত জনতা অধ্যক্ষকে ধরে মারধর শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান বলে মহব্বত আলী জানান।

তিনি বলেন, এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা বলেন, ঘটনার পর এলাকার লোকজন তাকে মারধর করেছে। এছাড়া বিভিন্ন সময়ে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মাগুরা সদর থানার ওসি আজমল হুদা বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে অধ্যক্ষের মোবাইলে ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।