গৃহবধূকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
ঠাকুরগাঁও সদরে গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের তিন সদস্যের বিরুদ্ধে।
রোববার দুপুরে ওই গৃহবধূ এ অভিযোগ করেন। তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গৃহবধূ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে অশালীন প্রস্তাব দিয়ে আসছিল চিলারং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, সাবেক সদস্য মো. রেজা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাসিরুল ইসলাম।
“গত শনিবার দুপুরে রেজা আমাকে আশরাফুল বাড়িতে নিয়ে যায়। পরে নাসিরুলসহ তারা তিনজন লাঠিপেটা করে।”
বিকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান বলে জানান তিনি।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক জিল্লুর রহমান বলেন, গৃহবধূ এখনও আশঙ্কামুক্ত নয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ঘুষি ও লাঠির আঘাত রয়েছে।
গৃহবধূর সব অভিযোগই অস্বীকার করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিন ইউপি সদস্য।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় গৃহবধূর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
