২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমের জেরে’ স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ায় ‘প্রেমের জেরে’ এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

রোববার সকালে সদরের লক্ষ্মীপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান।

নিহত শুভ মণ্ডল (১৩) গ্রামের আরমান মণ্ডলের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় শুভর দাদা আবুল হোসেন মণ্ডল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা করেছেন।

শুভর চাচাত ভাই আরিফ মণ্ডল বলেন, “শুভর সঙ্গে একই গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর প্রেম ছিল। মেয়ের পরিবার ব্যাপারটি জানতে পেরে কয়েক দফায় শুভ ও তার পরিবারকে সাবধান করে দেয়।

“গত ২  অগাস্ট রাতে মেয়ের বাড়িতে গেলে তার বাবা ও চাচা শুভকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে। পরে স্থানীয় মেম্বারের হস্তক্ষেপে শুভকে উদ্ধার করা হয়।”

তিনি বলেন, এ ঘটনার জেরে রোববার ভোরে মেয়ের বাবা ও চাচারা লাঠি ও টর্চ লাইট দিয়ে শুভকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

পুলিশ সুপার বলেন, প্রেমের সর্ম্পক নিয়ে ওই কিশোরকে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।