খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
খুলনায় মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়ামন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শেখ ছালেক (২৭) খুলনা নগরীর ৫ নম্বর মাছঘাট এলাকার মৃত মোকছেদ হাওলাদারের ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে, না দিলে আরও ছয়মাস কারাভোগ করতে হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার কহিনুর বেগম ও রূপবানকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০০৮ সালের ৩০ মে নগরীর রেল স্টেশন এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা শেখ ছালেককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা সদর দক্ষিণ সার্কেলের উপ-পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন।
“একই বছরের ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা সদর দক্ষিণ সার্কেলের পরিদর্শক সিদ্ধেশ্বর তেলী তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।”
