২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় পদ্মার ভাঙন, সড়ক-স্থাপনা বিলীন

বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে শরীয়তপুরের জাজিরায় শুরু হয়েছে পদ্মার ভয়াবহ ভাঙন।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 11:14 AM

Updated : 11 Oct 2022, 08:36 PM

বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার কুন্ডেরচরের খেজুরতলা বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে তলিয়ে গেছে।

এ বাজারের লোকজন ৬০-৭০টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হওয়ার দাবি করলেও স্থানীয় প্রশাসন বলছে ৩৫টির মতো প্রতিষ্ঠান তলিয়ে গেছে।

এর আগে এক সপ্তাহে একই ইউনিয়নের কলমিরচর গ্রামের বিরাট অংশ পদ্মায় হারিয়ে যায়। পাশাপাশি এক কিলোমিটার পাকা সড়ক, পাঁচশ মিটার পল্লী বিদ্যুতের লাইন ও শত শত বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে।

ভাঙনের মুখে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়।

স্থানীয় সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শুরু হয়ে শুক্রবার রাত পর্যন্ত কুন্ডেরচর খেজুরতলা বাজারের মোখলেছ বেপারী, ইয়সিন খাঁ, উজ্জ্বল মোল্যা, আতাউর রহমান, গণি মিয়া ও মোশারফ শেখের ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়া এক সপ্তাহে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব মোল্যা, রমিজ খান, সাঈদ মোল্যা, নোয়াব আলী খানের ঘরবাড়িসহ কলমিরচর গ্রামের বিরাট অংশ পদ্মায় চলে গেছে।

এছাড়া কুন্ডেরচর-বিলাশপুর সড়কের প্রায় এক কিলোমিটার পাকা সড়ক, পাঁচশ মিটার পল্লী বিদ্যুতের লাইন ও কয়েকশ বিঘা ফসলি জমি পদ্মা নদীগর্ভে চলে গেছে।

ভাঙ্গন কবলিত এলাকার লোকজন রাতদিন কাজ করে তাদের বসত ঘর , আসবাপত্র, গবাদি পশু ও গাছপালা কেটে অন্যত্র নিয়ে যাচ্ছে। কিছু কিছু পরিবার আত্মীয় স্বজনের বাদিতে আশ্রয় নিলেও অনেক পরিবার অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। 

ভাঙনের মুখে রয়েছে কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

খেজুরতলা গ্রামের সোহেল পেয়াদা বলেন, কুন্ডেরচর খেজুরতলা বাজারের ৬০/৭০টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।

কলমিরচর ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনির্মল রায় বলেন, “গত এক সপ্তাহ যাবত পদ্মায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়টি বিলীন হয়ে যেতে পারে।”

জাজিরা উপজেলা নিবাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ১৫৩ জনকে ৩০ কেজি করে চাল ও ৪শ প্যাকেট চিরা বিতরণ করা হয়েছে। আমার জানা মতে গত ২৪ ঘণ্টায় খেজুরতলা বাজারের ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।