২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আ. লীগকর্মীর রগ কর্তন, ‘লুটপাট’

নোয়াখালীর নিঝুম দ্বীপে এক আওয়ামী লীগকর্মীর হাত-পায়ের রগ কর্তনসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 11:37 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

শুক্রবার রাত আড়াইটার দিকে আদর্শ গ্রাম, বন্দরটিলা ও বৌবাজার এলাকায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন।

গুরুতর আহত ইব্রাহিম মিয়াকে (৪০) হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান মেহরাজ বলেন, একদল সশন্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে আওয়ামী লীগকর্মী ইব্রাহিমের হাত-পায়ের রগ কর্তন করে।

“তারা বন্দরটিলা ও বৌবাজার এলাকায় তিনটি বাড়ি ও চারটি দোকানে লুটপাট চালায়। আমার বাড়ি,  ইব্রাহিমের বাড়ি ও ইব্রাহিমের ভাই সাবেক ইউপি সদস্য ইসমাইলের বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে। পরে শুভঙ্কর, মালেক, রফিক ও নবীন মিস্ত্রির দোকানে হামলা ও লুটপাট চালায়।”

এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে পুরো এলাকায় আতংক সৃষ্টি করে বলে চেয়ারম্যানের অভিযোগ।

হাতিয়া থানার ওসি গোলাম ফারুক বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মেহরাজ উদ্দিনের সঙ্গে পূর্ববিরোধের জেরে তার প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।