গাজীপুরে গয়নার দোকানে ডাকাতি, আটক ২
গাজীপুরের মাওনা চৌরাস্তায় শুক্রবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে গয়নার দোকানে ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতেই ওই দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় বলে জানান শ্রীপুর থানার এসআই মো. হেলাল উদ্দিন।
আটককৃতরা হলেন শ্রীপুরের দরগার চালা এলাকার সাইদ আলীর ছেলে ফাইজ উদ্দিন (৫৫) ও গলদাপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে লালু (২৮)।
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা মোড় এলাকার সঙ্গীতা জুয়েলার্সে হাতবোমা ফাটিয়ে স্বর্ণালংকার লুটের ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
শনিবার সন্ধ্যা পর্যন্ত লুণ্ঠিত কোনো মালপত্র উদ্ধার হয়নি বলে তিনি জানান।
জুয়েলার্সের মালিক শংকরচন্দ্র দাস এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ডাকাতদলের সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে দোকানের সামনে, মার্কেটের নিচে ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।
“প্রথমে ডাকাতদলের ২৫ থেকে ৩০ বছর বয়সী দুই সদস্য ক্রেতা সেজে দোকানে ঢোকে। কয়েকজন মার্কেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভারের ওপর থেকে দোকান লক্ষ করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।”
ডাকাতরা ২৫-৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে তিনি জানান।
তিনি বলেন, ডাকাত দলের কয়েকজন সদস্য দোকানে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা সাড়ে ৩০০ ভড়ি স্বর্ণালংকার ব্যাগে ভরে বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে দুটি মাইক্রোবাসযোগে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।
ডাকাতদের বাধা দিতে গিয়ে দোকানমালিকের ছেলে সুব্রত চন্দ্র দাস (৩২), কর্মচারী নয়নচন্দ্র (১৭) ও লিটন মিয়া (৪২) এবং মার্কেটের মুদি দোকানি জাকির হোসেন (৩২) বোমার স্প্লিন্টারে আহত হন বলে তিনি জানান।
আহত সুব্রত ও লিটনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আর অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও তিনি জানান।
