২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় প্রতিপক্ষের ‘হামলায়’ বৃদ্ধের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে হার্ট অ্যাটাক।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়ামারা গ্রামের আরব আলী (৬০) মারা যান বলে জানান মাগুরা সদর থানার এসআই মিলন হোসেন।

হামলার ঘটনায় মুজাহিদ ও বাবর আলী নামে দুইজন আহত হয়েছেন।

আরব আলীর ছেলে সাহাবুল বলেন, “পূর্ববিরোধের জেরে একই গ্রামের এনামুল মোল্লা তার লোকজন নিয়ে আমার ভাই মুজাহিদ ও মামাত ভাই বাবর আলীর ওপর হামলা চালায়।

“এ সময় আমার বাবা আরব আলী ঠেকাতে গেলে তারা তার ওপরও হামলা চালায়। হামলায় আহত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।”

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন বলে জানান সাহাবুল।

এসআই মিলন হোসেন বলেন, ছেলে মুজাহিদের ওপর হামলার ঘটনা দেখে বাবা আরব আলী হার্টঅ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

“বিষয়টি আরও তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ বলেন, হাসপাতালে আনার আগেই আরব আলী মারা যান।

“ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলার মতো কোনো আলামত নেই।”

আহত অন্য দুইজন আশঙ্কামুক্ত বলে তিনি জানান।