মাগুরায় গৃহবধূকে মারধরের অভিযোগ
মাগুরায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।
শুক্রবার সদর উপজেলার কুকনা ঘোষপাড়া গ্রামের এ ঘটনায় ওই গৃহবধূ থানায় একটি মামলা করেছেন বলে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান।
“এতে স্থানীয় ১৫ যুবককে আসামি করা হয়েছে।”
মামলার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার বিকালে ক্ষেতে ছাগল প্রবেশ করেছে এমন অজুহাতে স্থানীয় যুবক ভরত, সুজন, স্বপন ও শ্যামাপদ ঘোষসহ কয়েকজন গৃহবধূকে বাড়ি থেকে ধরে আনে।পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
এক ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়। সন্ধ্যার পরপর ঘটনায় জড়িত সন্দেহে অসিম ও সুজন নামে দুজনকে আটক করা হয়েছে বলেন সহকারী পুলিশ সুপার।
