শ্রীপুরে বোমা ফাটিয়ে গয়নার দোকান লুট
গাজীপুরের শ্রীপুরে হাতবোমা ফাটিয়ে গয়নার দোকান লুট করেছে একদল মুখোশধারী।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার সংগীতা জুয়েলার্সে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
আহতরা হলেন- সংগীতা জুয়েলার্সের মালিকের ছেলে সুব্রত ও কর্মচারী চন্দন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বোমার স্প্লিন্টারে মালিকের ছেলে ও এক কর্মচারী আহত হন বলে জানান ওসি।
তবে ওই দোকান থেকে কী পরিমাণ স্বর্ণালংকার লুট হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
তবে দোকান থেকে কমপক্ষে সাড়ে তিনশ ভরি সোনা লুটে হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক শঙ্কর চন্দ্র দাস।
