মাগুরার কামালের পদত্যাগে বিএনপিতে প্রতিক্রিয়া
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে মাগুরার কাজী সালিমুল হক কামালের পদত্যাগ নিয়ে স্থানীয় নেতাকর্মীরা নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিতর্কিত লোকদের স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যান পদে স্থান দেওয়ার অভিযোগ তুলে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ত্যাগ করেন।
দলের কেউ কেউ মনে করেন, কামালের পদত্যাগের সিদ্ধান্তের ফলে দলের ত্যাগী নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। এতে মাগুরা জেলা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।
আবার পদত্যাগে কোনো সমস্যার সমাধান হয় না উল্লেখ করে কেউ বলেন, দলের দুঃসময়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষায় জন্যই তিনি পদত্যাগ করেছেন। দলের প্রতি আনুগত্য থাকলে তিনি এ সিদ্ধান্ত নিতেন না।
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদত্যাগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে তা দলীয় ফোরামে বা দলীয় প্রধানের কাছে উপস্থাপন করে সমাধান করা উচিত।
“জেলা বিএনপিতে তার অনেক অনুসারী রয়েছেন, যারা তার পদত্যাগে হতাশ হয়েছন। দলের এই চরম ক্রান্তিকালে তার এ ধরনের সিদ্ধান্ত সঠিক হয়নি।”
জেলা আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন বলেন, কাজী কামাল জেলা সভাপতি থাকাকালে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। মাগুরা-২ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের ঘাটিকে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন। কিন্তু পরবর্তী নেতৃত্ব দলকে শুধুই বিভক্ত করেছে।
কাজী কামালের নেতৃতে মাগুরা বিএনপিকে আবারও সংগঠিত করা সম্ভব বলে তিনি মনে করেন।
ফারুকুজ্জামান
মাগুরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আহসান হাবিব কিশোর মনে করেন, বিএনপি জনভিত্তিসম্পন্ন একটি রাজনৈতিক সংগঠন। কারও পদত্যাগে এ দলের কিছু আসে যায় না।
“কাজী কামাল কিংবা নিতাই রায় কেউই মাগুরা জেলা বিএনপির জন্য অপরিহার্য নন।”
তবে কাজী কামাল তার পদত্যাগপত্রে ১/১১ -এর তত্ত্ত্বাবধায়ক সরকারের সময় নিতাই রায়ের ভূমিকা সম্পর্কে যা কিছু বলেছেন তার সাথে তিনি সম্পূর্ণ একমত বলে জানান।
তিনি বলেন, যেহেতু মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটি দলের কাউন্সিল করতে ব্যার্থ হয়েছে এবং এর মেয়াদও শেষ হয়ে গেছে, তাই অবিলম্বে এ কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য নেওয়াজ হালিমা আরলি বলেন, কাজী কামালই বলতে পারবেন তার পদত্যাগের সঠিক কারণ। তবে যেহেতু দলীয় প্রধানের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে, সেহেতু তিনি পদত্যাগ না করে সেখানে গিয়ে আলাপ-আলোচনা করে সমাধান করতে পাতেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক জেলা নেতা বলেন, দল ক্ষমতায় গেলে এমপি, মন্ত্রী ও সুয়োগ সুবিধা তো কাজী কামালের মতো লোকেরা পান।
আক্তার হোসেন
নিজের মামলা ও ব্যক্তিগত স্বর্থ রক্ষার জন্য কাজী কামাল বিএনপির নির্বাহী সদস্য থেকে পদত্যাগ করেছেন বলে ওই নেতা মন্তব্য করেন।
শিল্পপতি থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে বিএনপির রাজনীতিতে আসা কাজী সালিমুল হক কামাল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন তার অনুলিপি বুধবার (১০ অগাস্ট) মাগুরার সাংবাদিকদের কাছে পাঠান।
বিতর্কিত লোকদের স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যান পদে স্থান দেওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বিএনপির সদ্য ঘোষিত কার্যনির্বাহী কমিটির সদস্য ‘ইকোনো কামাল’ হিসেবে পরিচিত জিকিউ গ্রুপের মালিক মাগুরার কাজী সালিমুল হক কামাল।
কাউন্সিলের সাড়ে চার মাস পর গত শনিবার মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসন খালেদা জিয়া অনুমোদিত জাতীয় স্থায়ী কমিটি, ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল ও ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন।
