গাজীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরে এক বছরের কম বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিটি করপোরেশন বাংলাবাজার এলাকায় বুধবার এ ঘটনা ঘটেছে বলে মেয়েটির পরিবারের দাবি।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, মামলা করার জন্য বৃহস্পতিবার দুপুরে মেয়েটির বাবাকে থানায় নেওয়া হয়েছে।
মেয়েটির স্বজনরা বলেন, বাংলাবাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন মেয়েটির পরিবার। তার বাবা একটি ফেব্রিক্স কারখানায় চাকরি করেন।
স্বজনদের অভিযোগ, বুধবার সকালে শিশুটিকে ফুপুর কাছে রেখে তা মা রান্না করতে যান। ফুপু পাশের বাড়ির সেলিম মিয়ার (৪০) স্ত্রীর কাছে শিশুটি রেখে তার ঘরে যান।
সেলিমের স্ত্রী শিশুটিকে তার ঘরে রেখে বাইরে গেলে সেলিম মিয়া মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নায় তার মা ও আশপাশের লোকজন ছুটে এলে সেলিম পালিয়ে যায় বলে অভিযোগ তাদের।
শিশুটির ফুপু বলেন, রক্তাক্ত অবস্থায় তার ভাতিজিকে উদ্ধার করে ওইদিনই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, আট মাস বয়সী শিশুটির জননাঙ্গে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। সেলাই দিতে হয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, সাংবাদিকদের কাছে শুনে তিনি হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। মামলা করার জন্য শিশুটির বাবাকে থানায় আনা হয়েছে।
