২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয় মতিন হত্যায় স্ত্রীর মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসায়ী আবদুল মতিন হত্যায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 08:48 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

পুরনো খবর:

ব্যবসায়ীর মৃত্যুর পর পুলিশ হত্যা: সোনারগাঁওয়ের এএসআই বরখাস্ত
নারায়ণগঞ্জে পুলিশ হত্যায় মামলা

মামলায় আসামি করা হয়েছে সোনারগাঁও থানার এএসআই ফখরুল ইসলামকে, যাকে ঘটনার পর সাময়িক বরখাস্ত করা হয়।  

গত ৩ অগাস্ট সোনারগাঁওয়ের রাইজদিয়া গ্রামে পুলিশের ধাওয়া ও পিটুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মতিন নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই ঘটনায় পুলিশও একটি মামলা করেছে। সোনারগাঁও থানার এসআই আল আমীন তালুকদার বাদী হয়ে করা ওই মামলায় নিহত ব্যবসায়ীর ছেলে ও ভাইসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশেক ইমামের আদালতে মামলা দায়ের করেন নিহত আবদুল মতিনের স্ত্রী নূরতাজ বেগম।

মামলার বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, “মঙ্গলবার বিচারক মামলাটি গ্রহণ করেন এবং আগামী ৩ অক্টোবর পুলিশ হত্যার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।”

Image
আরিফুজ্জামান

আরিফুজ্জামান

নূরতাজ বেগমের মামলার অভিযোগ, গত ৩ অগাস্ট বিকালে বাড়ির পাশ থেকে গরুর জন্য খড় আনতে যান তিন ও তার স্বামী মতিন। খড় নিয়ে ফেরার পথে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল তার স্বামী আবদুল মতিনের গায়ে ধাক্কা দেয়।

মোটরসাইকেলের ধাক্কায় মতিন পাশের পুকুরের ঢালে পড়ে গেলে তারা স্বামী-স্ত্রী প্রতিবাদ জানান।

ওই সময় মোটরসাইকেলে সাদা পোশাকে থাকা দুই ব্যক্তির সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের চালক তার সঙ্গীকে নির্দেশ দিয়ে বলেন-‘শালারে পানিতে চুবাইয়া মার’।

তখন তাদের একজন মতিনকে মারধর করে এবং তাকে পানিতে নামিয়ে মাথা পানির নীচে চেপে ধরে। এভাবে কিছুক্ষণ থাকার পর মতিন নিস্তেজ হয়ে পড়েন।

মামলায় আরও বলা হয়, তখন বাদীর চিৎকারে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা মতিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাদী বাড়ি ফিরে জানতে পারেন বিক্ষুব্ধ জনতার পিটুনিতে সোনারগাঁও থানার কনসটেবল আরিফুল ইসলাম নিহত হয়েছেন।

এছাড়া নিহত কনস্টেবলের সঙ্গে থাকা মোটরসাইকেলের চালক সোনারগাঁও থানার এএসআই ফখরুল ইসলাম বলেও তিনি জানতে পারেন।

Image
আব্দুল মতিন

আব্দুল মতিন

এএসআই ফখরুলের নির্দেশে কনস্টেবল আরিফ বাদীর স্বামীকে মারধর করে এবং পানিতে চুবিয়ে হত্যা করেন বলে অভিযোগ করা হয়।

নিহত আবদুল মতিন সোনারগাঁও পৌরসভার পানামের আদমপুর এলাকায় পানের ব্যবসা করতেন।

এদিকে পুলিশ কনসটেবল আরিফ হত্যার ঘটনায় পুলিশের মামলায় নিহতের ছেলে কলেজ ছাত্র জোবায়ের ও ভাই আবদুল বাতেনসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ কারণে ঘটনার পর পুরো গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়ে। 

নূরতাজ বেগমের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, আবদুল মতিন নিহতের ঘটনায় প্রথমে সোনারগাঁও থানা মামলা নেয়নি। উল্টো গণপিটুনিতে নিহত পুলিশ কনসটেবল আরিফুর রহমান হত্যার ঘটনায় মতিনের ছেলে ও ভাইসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০-৬০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

“বাধ্য হয়ে নিহতের স্ত্রী নূরতাজ বেগম আদালতে সোনারাগাঁও থানার এএসআই ফখরুল ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।”