২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্র হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহ হত্যার ১৫ বছর পর ছয় জনকে মৃত্যুদণ্ড ও এক নারী ইউপি সদস্যসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 04:29 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া দণ্ডিতদের উপস্থিতিতে এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম ওরফে আতিক শেখ, নিজামউদ্দিন শেখের ছেলে সেলিম শেখ, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন শেখ, সামশুদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার ও আলম শেখ।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- ঘাগটিয়া গ্রামের আবু সাঈদের ছেলে আব্দুল মোতালেব, মোতালেবের স্ত্রী ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ারা বেগম ও আনোয়ারার ভাই শেখ সামশুদ্দিন।

এছাড়া দণ্ডিত সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, এক আসামির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং পারিবারিক কারণে সানাউল্লাহর পরিবারের সঙ্গে আসামিদের বিরোধ ছিল।

২০০১ সালের ৯ ফেব্রুয়ারি রাতে কাপাসিয়ার ঘাগুটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ঘাগুটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সানাউল্লাহ সরকার বাড়ি থেকে রিকশায় করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে যাচ্ছিল।

পথে আসামিরা সানাউল্লাহকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন সকালে স্থানীয় সিঙ্গুয়া ফকির সাহাব উদ্দিন বালক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গলায় মাপলার পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে পরদিন (১০ ফেব্রুয়ারি) কাপাসিয়া থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে ওই বছরের ৩১ অগাস্ট অভিযোগপত্র দাখিল করে বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হাফিজ উল্লা।