পানি খেয়ে ৮ মাদ্রাসাছাত্র হাসপাতালে, পুলিশের সন্দেহ ‘বিষ’
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি মাদ্রাসায় ট্যাংকের পানি খাওয়ার পর ১০ মাদ্রাসা ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। ওই পানিতে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার রিশিকুল ইউনিয়নের তালাই কুন্দলিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন জানান।
অসুস্থ শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা মাগরিবের নামাজের আগে ওই মসজিদে গিয়ে ওজু করে পানি খায়।
“এর কিছুক্ষণ পর তাদের পেটে ও বুকে জ্বালাপোড়া শুরু হয়। তারা বমি করে এবং সংজ্ঞা হারায়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।”
ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের কাছ থেকে পুলিশ সিনজেন্টা কোম্পানির ১০০ মিলিমিটারের দুটি কীটনাশকের বোতল উদ্ধার করেছে বলে জানান ওসি।
তিনি বলেন, দুটি বোতলের মধ্যে একটি খালি, আরেকটিতে কীটনাশক ভরা রয়েছে।
“ওভার ফ্লো পাইপ দিয়ে ট্যাংকের ভেতরে বিষ দেওয়া হয়েছে। পানিতে বিষের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
অসুস্থ শিক্ষার্থীরা হল বিপ্লব (১১), নাইম ইসলাম (১৪), মিফতাহুল জান্নাত (৮), আক্তার রহমান (৯), শাহাদাৎ (১৪), সিফাত (১২), সাব্বির (১২), সাহাবুদ্দিন (১৩)।
