বাগেরহাটে ২ অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলা থেকে দুটি অজগর শাবক উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার সকালে শরণখোলার আমরাগাছিয়া বাজার সংলগ্ন একটি পুকুর এবং মোড়েলগঞ্জের সন্ন্যাসী বাজার থেকে অজগর দুটি উদ্ধার করা হয় বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) আজাদ কবির।
দুপুরে অজগর দুটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালি ক্যাম্প এলাকায় বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান ওয়াইল্ড টিমের বাঘ সংরক্ষণ প্রকল্পের মাঠ কর্মকর্তা আবু নাইম।
আজাদ কবির বলেন, সন্ন্যাসী বাজারের ব্যবসায়ী গফফার কাজির বাড়ির উঠানে একটি অজগর শাবক দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। পরে ওয়াইল্ড টিমের কর্মীরা গিয়ে তা উদ্ধার করে।
এ অজগর শাবকটি লম্বায় ৬ ফুট এবং ওজনে সাড়ে ৫ কেজি বলে ওয়াইল্ড টিম কর্মকর্তা আবু নাইম জানান।
এর আগে শরণখোলার আমরাগাছিয়া বাজার সংলগ্ন শিং বাড়ির পুকুর থেকে উদ্ধার অজগরটি সাড়ে ৬ ফুট লম্বা আর ওজন ৫ কেজি ৭০০ গ্রাম বলে জানান তিনি।
সুন্দরবন থেকে খাবারের খোঁজে অজগর দুটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন আবু নাইম।
