চাঁদাবাজির বিরুদ্ধে হুইপ ইকবালুর রহিম
দিনাজপুরে ১৪ দলের সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে চাঁদাবাজি চালানোর অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
আগামী বৃহস্পতিবার শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ কর্মসূচি আছে। এ সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এই সমাবেশ ও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের নাম দিয়ে বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় নেতাদের বিরুদ্ধে।
বিষয়টি নজরে আসার পর দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম স্থানীয় প্রত্রিকায় বিবৃতি দিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
বিবৃতিতে তিনি কাউকে চাঁদা না দেওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে পুলিশকে অভিযোগ করতেও সকল মহলের প্রতি আহবান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, তার কাছে অভিযোগ রয়েছে দিনাজপুরে ১১ অগাস্টের জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী জনসভা এবং ১৫ অগাস্টে জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে ‘আওয়ামী লীগের পদধারী’ কতিপয় নেতা ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে।
এ বিষয়ে ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক ম্যানেজার ও ব্যবসায়ীরা তার কাছে এই চাঁদাবাজির অভিযোগ করেছেন।
বিষয়টি তিনি রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীকে জানিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন বলে জানান।
