নজরদারিতে ফাঁকা যশোরের ‘শতাধিক’ মেস
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য সংগ্রহ কার্যক্রমের মধ্যে যশোর শহরের অনেক মেস থেকে শিক্ষার্থীরা চলে গেছে।
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, সিটি কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, বেসরকারি বিসিএমসি কলেজের আশপাশের ছাত্রাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে।
শহরের এমএম কলেজের আশপাশে, ষষ্টিতলা, কাজিপাড়া, পুলিশ লাইন, কারবালা রোড, বেজপাড়া, বারান্দিপাড়া, মোল্লাপাড়া, শেখহাটিসহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক মেস রয়েছে।
সরেজমিনে জানা গেছে, এসবের মধ্যে বর্তমানে শতাধিক মেস প্রায় শূন্য। এসব মেস ঘিরে স্থানীয়দের বেশ ভালো আয় রোজগার ছিল। এখন তারা আর্থিক লোকসানের মুখে পড়েছেন।
পুলিশ বলছে, গত ২১ জুলাই পুলিশ বাড়ির মালিকদের তাদের ভাড়াটিয়াদের তথ্য দিতে বলে। গত ৩ অগাস্ট ছিল তথ্য দেওয়ার শেষ তারিখ। বাড়ির মালিকদের অনেকেই ভাড়াটেদের তথ্য প্রদানে সহযোগিতা করছে না।
বাড়ির মালিকদের অভিযোগ, মেসের শিক্ষার্থীদের বারবার তাগাদা দিয়েও তথ্য ফরম পূরণ করা যাচ্ছে না। তাই ঝামেলা এড়াতে তারা মেসই তুলে দিচ্ছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তথ্য অনুযায়ী, যশোরের স্নাতক পর্যায়ের সব কলেজের আশপাশে অন্তত পাঁচশ মেস রয়েছে। যশোরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে শিক্ষার্থীরা এসব মেসে থেকে লেখাপড়া করে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ছাত্রশিবির যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য চিহ্নিত মেসগুলো কড়া নজরদারিতে রাখা হয়েছে। মেস মালিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। কয়েকটিতে অভিযানও চালানো হয়।
এসব কারণে শিবিরের নেতা-কর্মীরা তাদের চিহ্নিত মেসগুলো ছেড়ে অন্যত্র ঠাঁই নিয়েছে। এতে এসব এলাকার অনেক মেস এখন ফাঁকা হয়ে গেছে বলে তিনি মনে করেন।
ওসি জানান, পুলিশের পক্ষ থেকে মেসমালিকদের ফরম দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের ছবি, ঠিকানা এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বিভাগে পড়ছে তা জানতে চাওয়া হয়। তাছাড়া কোন শিক্ষার্থী মেস থেকে কবে চলে যাচ্ছে এবং মেসে নতুন কোনো শিক্ষার্থীর আগমন ঘটলে তার তথ্যও ফরমে চাওয়া হয়।
কিন্তু এই কার্যক্রমে মেসগুলোর পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি বলে পুলিশের ভাষ্য।
কয়েকজন মেসমালিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে শিক্ষার্থীরা মেস ছেড়ে চলে যাচ্ছে। তবে এই শিক্ষার্থীদের বড় একটা অংশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। নিজেদের নিরাপত্তার জন্যই তারা মেস ছেড়েছে।
এমএম কলেজের পূর্বপাশের একজন মেসমালিক নাম প্রকাশ না করে বলেন, তিনি অনেক আগেই পুলিশের ফরম পেয়েছেন। কিন্তু মেসে বসবাসরত শিক্ষার্থীরা সহযোগিতা না করায় সেই ফরম জমা দেওয়া সম্ভব হয়নি।
“কে কখন আসে এবং যায় তা মনিটরিং করা খুব কষ্টকর ব্যাপার। তাই মেস উঠিয়ে দিয়েছি।”
আরেক মেসমালিক বলেন, ফরম দিলেও শিক্ষার্থীরা তা পূরণ করে না। বেশি চাপ দেওয়ায় অনেকেই মেস থেকে চলে গেছে। এ অবস্থায় মেসগুলো খালি হয়ে গেছে।
যশোর এমএম কলেজের শিক্ষার্থী রুমা সরকার বলেন, “পুলিশের অভিযান চলার কারণে আমি মেস ছেড়ে বোনের বাড়িতে উঠেছি।”
তবে অনেক মেসমালিক পুলিশের এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন।
সিটি কলেজ পাড়ার একটি মেসের মালিক মাজহারুল ইসলাম বলেন, তিনি তার মেসের শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত পুলিশকে জমা দিয়েছেন। এই কাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহিদ আবু সরোয়ার বলেন, “আমরা তথ্য যাচাইবাছাই করে দেখছি। একই সঙ্গে অভিযানও অব্যাহত রেখেছি। কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।”
শিবির অধ্যুষিত মেসগুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলেও তিনি জানান।
