‘পুলিশের ভয়ে’ পালাতে গিয়ে মৃত্যু
নারায়ণগঞ্জে পুলিশের ভয়ে ছাদ থেকে পয়োঃনিষ্কাশন পাইপ বেয়ে নামার সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত আব্দুর রশিদ (৫০) উপজেলার সাইলো গেইট এলাকায় বাসিন্দা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে বলে ওই ব্যক্তির স্বজনদের দাবি।
রশিদের মেয়ে আফসানা পারভীন বলেন, “শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমাদের বাড়িতে পুলিশ এসে ফটকে ধাক্কাধাক্কি করতে থাকে। গেইট খুললে পুলিশ আমার বাবাকে আটক করতে এসেছে বলে জানায়।
“আমার বাবা পুলিশের ভয়ে তিন তলার ছাদ থেকে পয়োঃনিষ্কাশন পাইপ দিয়ে নীচে নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।”
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, আব্দুর রশিদের ভাই ও ভাতিজার সঙ্গে জমির বিরোধের একটি অভিযোগ তদন্তে শনিবার সেখানে পুলিশ গিয়েছিল।
“ওই সময় রশিদকে পাওয়া যায়নি। তার মৃত্যুর বিষয়টিও আমার জানা নেই।”
