কুমিল্লা সীমান্তে কঙ্গোর নাগরিক আটক
কুমিল্লার গোলাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক কঙ্গো নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার গোলাবাড়ীর সীমান্ত পিলার ২০৮২/৭-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছে পাওয়া কঙ্গোর পাসপোর্টে লেখা আছে- নাম বাডিলা সিডমিন চানসেল ভিজ (৩৮), বাবার নাম বাডিলা ফ্রান্ক। পাসপোর্ট নম্বর এ০৪৬৩৪৫৪।
বিজিবির অতিরিক্ত পরিচালক মো. শহীদুল আলম বলেন, ভোরে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিবিরবাজার কোম্পানির গোলাবাড়ী পোস্ট এলাকার সীমান্ত পিলার ২০৮২/৭ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে।
মামলা দায়েরের পর তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শহীদুল।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রব বলেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিজিবি একটি মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।
