বীর উত্তম হাবিবুর রহমান নেই
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বীর উত্তম হাবিবুর রহমান আর নেই।
রোববার দুপুর আড়াইটার দিকে ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি সদর উপজেলার মজলিশপুর এলাকায়।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক নুরুল আমীন ভূইয়া বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে দুপুরে তাকে হাসপাতালে আনা হচ্ছিল।
“হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন অর রশীদ বলেন, মুক্তিযুদ্ধের সময় হাবিবুর রহমান ইপিআর-এ চাকরি করতেন। মুক্তিযুদ্ধে যোগ দিয়ে তিনি বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র যুদ্ধে অংশ নেন।
প্রয়াত এই মুক্তিযোদ্ধাকে প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়ার পর সদর উপজেলার মজলিশপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তিনি জানান।
