ভালুকায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি মামুন-অর রশীদ জানান।
নিহতরা হলেন আবুল কালাম (৫৫) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা –ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই দম্পতি।
“সকাল ৭টার দিকে কাঠালি এলকায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।”
ওসি জানান, আবুল কালাম থানায় কাজকর্ম করতেন এবং সুফিয়া পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের রান্নাবান্না করতেন।
ট্রাকটিকে আটক করা যায়নি। লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
