২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৩০ শিক্ষার্থীর খোঁজে পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যারা বিভিন্ন বর্ষে ঝরে পড়া বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 04:32 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুজিবুল হক জানান, বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ না নেওয়া ও দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তারা ঝরে পড়েছে (ড্রপআউট)।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ প্রশাসন আমাদের কাছে দীর্ঘদিন অনুপস্থিত ও  ড্রপআউট শিক্ষার্থীদের একটি তালিকা চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রায় ৩০ জন শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

“পুলিশের আবেদন অনুযায়ী তালিকা তৈরির জন্য গত ১৩ জুলাই শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিভাগগুলোতে চিঠি দেওয়া হয়। এ ছাড়া অনুপস্থিত এবং ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা করতে বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখা ও পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সমন্বয়েও একটি কমিটি গঠন করা হয়।”

তবে গোয়েন্দা সংস্থা বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করতে রাজি নয়। কোনো রকম যাচাই-বাছাই ছাড়া এদের জঙ্গি বা অপরাধী বলা যাবে না বলে মত তাদের।

এ ব্যাপারে আরএমপির মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, “ঝরে পড় শিক্ষর্থীদের ব্যাপারে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি।

“এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করায় তালিকায় যাদের নাম রয়েছে তাদের ব্যাপারে এ মুহূর্তে গণমাধ্যমকর্মীদের পরিপূর্ণ তথ্য দিতে পারছি না।”