২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় মেজবান আয়োজনের প্রস্তুতি 

প্রতিবছরের মতো এবারও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 02:10 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রতিবছর ১৫ অগাস্ট এ মেজবানের আয়োজন করেন।

মহিউদ্দিন চৌধুরীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মো. ওসমান গনি বলেন, মেজবানের জন্য চট্টগ্রামের হোসেন বাবুর্চিকে নিয়ে তিনি (গনি) আগামী ১০ অগাস্ট টুঙ্গিপাড়া আসবেন।

“বিষয়টি আগেই প্রাধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হয়েছে। ওই দপ্তর থেকে ইতিমধ্যে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।”

মেজবানে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মুসলমানদের এবং বালাডাঙ্গা এসএম মুছা উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দুদের খাবারের ব্যবস্থা হবে বলে জানান ওসমান গনি।

কলেজ মাঠের আয়োজনে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, চনার ডাল দিয়ে লাউ আর নলির ঝোল।

বালাডাঙ্গা এস এম মুসা উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দুদের জন্য রান্না হবে মুরগির কোর্মা, চনার ডাল ও সাদা ভাত।

ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিবছরই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মেজবানির খাওয়াদাওয়া শুরু হয়।

“গত ১৫ বছর ধরে মহিউদ্দিন চৌধুরী এ আয়োজন করে আসছেন। মেজবানে তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করে থাকেন।”

গত বছর প্রায় ৩৬ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল বলে জানান গনি।

আগামী ১৪ অগাস্ট মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগের একটি দল টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য চট্টগ্রাম থেকে যাত্রা করবেন বলেও জানান গনি।