২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বিশেষ অর্থনৈতিক জোন হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ভোলা সদরের ভেদুরিয়ায় বিশেষ অর্থনৈতিক জোন হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

এজন্য ভোলা-ভেদুরিয়া সড়ক সংলগ্ন ভেদুরিয়া এলাকায় ২০৮ একর জমি নির্ধারণ করে অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

শুক্রবার প্রকল্পের স্থান পরিদর্শনকালে তিনি বলেন, “ভোলায় বিশেষ অর্থনৈতিক জোনের জন্য এ জমিটি আমরা চূড়ান্ত করেছি। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। নতুন দুটি গ্যাস কূপ খনন করা হচ্ছে।”

ভোলায় ইতিমধ্যে স্থাপিত ২২৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন আরও একটি ২২৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট নির্মাণে ভারতীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।

শিল্প কারখানা করতে প্রয়োজন বিদ্যুৎ ও গ্যাসের। ভোলায় এর পর্যাপ্ত মজুদ রয়েছে। ৪২৫ কোটি টাকা ব্যয়ে ভোলার অভ্যন্তরীণ অবকাঠামো নির্মিত হচ্ছে, বলেন বাণিজ্যমন্ত্রী।

ওই সময় বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

পবন চৌধুরী বলেন, ভোলার বিশেষ এই অর্থনৈতিক জোন বাস্তবায়নে প্রাথমিকভাবে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে ২০৮ একর ভূমির উপর এ অর্থনৈতিক জোনের ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ, গ্যাস, পানির লাইনসহ সকল ধরনের ইউটিলিটির কাজ করা হবে।

“ভোলার বিশেষ এই অর্থনৈতিক জোন বাস্তবায়িত হলে পৃথিবীর বিভিন্ন দেশের উদ্যোক্তারা এখানে বড় শিল্প ইউনিট স্থাপন করতে পারবে। ফলে এখানে হাজার লোকের কর্মসংস্থান হবে।”

ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল আহমেদ বলেন, ইতিমধ্যে উক্ত জমির নকশা তৈরি করে জমি অধিগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।