ফেনীতেও বন্ধ হলো পিস স্কুল
ভারতের ইসলামী বক্তা জাকির নায়েকের বক্তব্যকে বির্তর্কিত উল্লেখ করে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের পর অনুমোদনহীন পিস স্কুলগুলোও বন্ধের নির্দেশের মধ্যে ফেনীতে এরকম একটি প্রতষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন শান্তি কোম্পানি এলাকায় ফেনী পিস স্কুল এন্ড কলেজের সাইনবোর্ড ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে বলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ হানিফ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টেোর ডটকমকে হানিফ জানান, ২০১৪ সালে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ সেলিনা পারভিন সড়কের একটি ভাড়া বাড়িতে ‘ফেনী পিস স্কুল এন্ড কলেজ’ -এর শিক্ষা কার্যক্রম শুরু হয়।
চলতি বছরের শুরুতে পাশের শান্তি কোম্পানি এলাকায় আরেকটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠানটি স্থানান্তর হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩০ জন শিক্ষার্থীকে ২১ জন শিক্ষক পাঠদান করে আসছিলেন বলে জানান তিনি।
“ওই নির্দেশনার কোনো লিখিত আদেশ প্রতিষ্ঠানটি না পেলেও গত বুধবার ম্যানেজিং কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।”
পরে স্কুলের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয় বলে জানান তিনি।
তবে পিস টিভির সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্তা নেই উল্লেখ করে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামাল বলেন, ঢাকার পিস স্কুল বা পিস টিভির জাকির নায়েকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তারা শুধু পিস নাম দিয়ে স্কুলটির কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে দাবি কামালের।
আরিফুল আমীন রিজভী নামে এক অভিভাবক বলেন, “সরকার যদি মনে করে দেশের জন্য এ ধরনের প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ, তবে বন্ধ করতে পারে। কিন্তু শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করা উচিত।”
বখতার মুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের কলেজের শিক্ষক ফারুক হোসেন জানান, “তার দুই সন্তান পিস স্কুলের শিক্ষার্থী ছিল। শিক্ষাবর্ষের এই সময়ে তিনি তার দুই সন্তানকে কোন প্রতিষ্ঠানে নেবেন এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ফেনী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশিদ মামুন বলেন, ফেনী জেলায় সাড়ে চারশত কিন্ডারগার্টেন থাকলেও তাদের সমিতির অন্তরর্ভুক্ত রয়েছে ৩৫০টি। তবে তার মধ্যে ফেনী পিস স্কুল নেই। তারা সদস্য হওয়ার জন্য কখনও আবেদনও করেননি।
গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলায় অংশ নেওয়া কয়েকজন জঙ্গি পিস টিভির বক্তা জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হওয়ার বিষয়টি জানার পর বাংলাদেশে পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে পিস স্কুলগুলোর কার্যক্রমও বন্ধের নির্দেশ দেয় সরকার। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশকিছু পিস স্কুল বন্ধ হয়ে গেছে।
