২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার আত্মসাৎ: বিএডিসি কর্মকর্তা বরখাস্ত, মামলা

ফেনীতে ১৪০০ মেট্রিকটন সার আত্মসাতের ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে পাঁচ কোটি চার লাখ টাকার মামলা করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

মামলার আসামি আবদুল হাই মহিপাল সার গুদাম রক্ষক। তিনি উপ-সহকারী পরিচালকের দায়িত্ব চালিয়ে আসছিলেন।

বিএডিসির (সার) নোয়াখালীর যুগ্ম পরিচালক মো. ইসবাত বৃহস্পতিবার রাতে ফেনী সদর মডেল থানায় তার বিরুদ্ধে ওই দুর্নীতি মামলা মামলা দায়ের করেন।

বিএডিসি (সার) ফেনীর উপ-পরিচালক রুহুল আমিন এবং দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. তালেবুর রহমানও মামলা করার সময় উপস্থিত ছিলেন। 

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, দুদককে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এজাহারের বরাত দিয়ে মামলার বাদী ইসবাত জানান,  আসামি আবদুল হাই ২০১০ সালের ৩০ মার্চ থেকে ২০১৬ সালের ৩ অগাস্ট পর্যন্ত ফেনীর মহিপাল সার গুদামের দায়িত্বে ছিলেন। ওই বছর ৩০ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সময়ে গুদামের হিসাব নিরীক্ষণ করে ১৪১৩ মেট্রিকটন সারের হিসাবে গড়মিল পাওয়া যায়।

ওই সারের বাজার মূল্য পাঁচ কোটি চার লাখ পঞ্চাশ হাজার টাকা ধরে মামলা করা হয়েছে বলে যুগ্ম পরিচালক ইসবাত জানান। 

তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ৩ অগাস্ট আবদুল হাইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।