২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টহল পুলিশের ওপর হামলা, ২ শিবির নেতা গুলিবিদ্ধ

যশোরের চৌগাছা উপজেলায় দুই শিবির নেতা পুলিশের ওপর হামলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 10:06 AM

Updated : 20 Aug 2022, 01:23 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের পুঞ্জিতলায় এ ঘটনা ঘটে বলে জানান চৌগাছা থানার ওসি মসিউর রহমান।

আহতরা হলেন উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিন। তারা যশোর এমএম কলেজের ছাত্র।

ওসি বলছেন, চৌগাছা-মহেশপুর সড়কের পুঞ্জিতলায় টহল পুলিশ দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে একটির আরোহীরা ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর হামলা করে।

“এ সময় পুলিশ গুলি করলে দুইজন আহত হয়। অপর মোটরসাইকেলের তিন আরোহী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনকে আটক করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, দুই শিবির নেতার পায়ে গুলি লেগেছে। তাদের মধ্যে রুহুলের অবস্থা আশংকাজনক।

ওসি বলছেন, ঘটনার সময় শিবির নেতাদের হামলায় দুই পুলিশও আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল, একটি রাম দা, দুটি বোমা ও ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদ জব্দ করেছে বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ইসরাফিল চুটারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ও এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রুহুল আমিন নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে ও একই কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

ইসরাফিলের বাবা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, ইসরাফিল ও রুহুল দুইজনকেই বুধবার রাতে ধরে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ পরিচয় দেওয়া লোকেরা।

“বৃহস্পতিবার সকালে আমি ও রুহুলের পরিবারের সদস্যরা থানা হাজতে গিয়ে তাদের নাশতা দিয়ে আসি।”