২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জের কাশিয়াখালি বেড়িবাঁধে ফাটল

ঢাকার নবাবগঞ্জের কাশিয়াখালি বেড়িবাঁধে কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা।

আসাদুজ্জামান সুমন

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 09:31 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

বালুর বস্তা দিয়ে ফাটল মেরামতে প্রশাসন কাজ করলেও স্থানীয়দের দাবি বালু দিয়ে নয়, স্থায়ীভাবে মেরামত করা হোক বাঁধটি।   

স্থানীয়রা জানিয়েছেন, মাত্র ১৪ কিলোমিটারের কাশিয়াখালি বেড়িবাঁধে একটি মাত্র স্লুইচ গেইট। পদ্মার পানি ক্রমাগত বৃদ্ধি ফলে এক সপ্তাহ আগে বাঁধের কয়েকটি স্থানে ফাটল শুরু হয়। এ সময় এলাকাবাসী বালু দিয়ে মেরামতের চেষ্টা করে ব্যর্থ হলে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, যেসব জায়গায় ফাটল দেখা দিয়েছে সেখানে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে উপজেলা প্রশাসন।

বেড়িবাঁধ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে পাহারায় বসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় বাসিন্দা রশিদ খন্দকার বলেন, কাশিয়াখালি বাঁধ যদি ভেঙে যায় তাহলে কোঠাবাড়ির চক দিয়ে পদ্মার পানি প্রবেশ করে নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জ উপজেলা বন্যার পানিতে প্লাবিত হবে।

“কখন পুরো এলাকা পানিতে ডুবে যায়, আমাদের কী অবস্থা হয়?”

বেড়িবাঁধটি কয়েক ফিট উচু ও আরও কয়েকটি স্লুইচ গেইট করার দাবি করেন জয়কৃষ্ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রমিজ মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মাত্র স্লুইচ গেইট। পদ্মার পানির চাপে  কোনো সময় ভেঙে যেতে পারে কাশিয়াখালি বেড়িবাঁধ। শুধু বালু নিয়ে ফাটল মেরামত না করে স্থায়ীভাবে বাঁধটি সংস্কার করা হোক।”

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধের যেসব স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে সেখানে ইতোমধ্যে স্থানীয়দের সহায়তায় উপজেলা প্রশাসন মেরামত কাজ করছে।

এছাড়াও বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে বিস্তারিত জানানো হয়েছে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ কায়কোবাদ বলেন, “বেড়িবাঁধের ফাটল মেরামত চলছে। তবে যে অংশে ফাটল বড় সেখানে শুক্রবার থেকে পাইলিংয়ের কাজ শুরু হবে।”

এসব উদ্যোগের কারণে বাঁধ ভেঙে যাবে না বলে মনে করছেন তিনি।