চার শিশু হত্যা: পলাতক ৩ আসামির মালামাল জব্দ
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলার তিন পলাতক আসামির মালামাল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে পলাতক আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার বাড়ি থেকে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন।
গত ২৫ জুলাই হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামির মালামাল জব্দের নিদের্শ দেয়।
গত ১২ ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) খেলতে গিয়ে নিখোঁজ হয়।
পুলিশ ঘটনার পরপরই প্রধান আসামি আব্দুল আলীসহ সাত জনকে আটক করে। পরে বাচ্চু মিয়া নামের এক আসামি র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলেসহ চার জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মুক্তাদির হোসেন নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
