২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ শিক্ষক আটক, স্ত্রী বলছেন ‘তুলে নেওয়া হয়েছিল’

ঝিনাইদহ শহরে পুলিশ এক স্কুল শিক্ষককে অস্ত্রসহ আটক করার কথা জানিয়েছে, যাকে চার দিন আগে আইন-শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের ভাষ্য।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 12:55 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলছেন, বৃহস্পতিবার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে মিনারুল ইসলাম (৩০) নামের ওই ব্যক্তিকে তারা আটক করেন।

স্থানীয় লিডস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মিনারুল শহরের খন্দকার পাড়ার এক বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।

ওই বাসা থেকে চার দিন আগে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে বুধবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন তার স্ত্রী মেহেরুননেছা মেরী।

অবশ্য পুলিশ মিনারুলকে চার দিন আগে ধরার কথা অস্বীকার করে আসছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ভোরের দিকে পুলিশের একটি দল টার্মিনাল এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মিনারুলকে সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে।”

পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে একটি শাটার গান পাওয়া যায় বলে জানান ওসি।

মিনারুলের স্ত্রী মেরী বুধবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, “৩০ জুলাই রাত ৩টার দিকে পুলিশ পরিচয়ে আমার স্বামীকে বাড়ি থেকে থেকে তুলে নিয়ে যাওয়া হয়।”

তার এ অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, “পুলিশ ওই নামে কাউকে তুলে নিয়ে যায়নি। এসব মিথ্যা রটনা”