গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২
গোপালগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়ছেন আরও দুইজন।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান।
নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা মুন্সিপাড়া এলাকার শহর আলীর ছেলে হায়দার আলী (২৮) ও আব্বাস কাজীর ছেলে জসীম কাজী (২৫)।তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে।
আহত সঞ্জয় ঢালীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও শামীম শেখকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সেলিম বলেন, মান্দারতলায় বিকল একটি পিকআপ মেরামত করছিলেন ওই চারজন। এ সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই হায়দার নিহত হন।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে জসীমের মৃত্যু হয় বলে জানান তিনি।
