গোলাগুলিতে ছাত্রলীগ নেতার মৃত্যু: ৬ জন রিমান্ডে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বুধবার কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এ আদেশ দেন।
এরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রুপম চন্দ্র দেব নাথ (২৩), যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম (২৩), জাহিদুল আলম (২৭), আবুবকর ছিদ্দিক (২৬), সুদীপ্ত নাথ (২৪) ও সজন বরণ বিশ্বাস (২১)।
তাদের মধ্যে সজন চন্দ্র বিশ্বাস ও রুপম চন্দ্র দেবনাথ বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের ও অন্যরা ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক ছাত্র।
শোকের মাস উপলক্ষে ১ অগাস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে গুলিতে সাইফুল খালিদ মারা যান।
খালিদ কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবদিনের ছেলে।
এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিঠিও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ কামাল আকন্দ বলেন, সংঘর্ষের ওই রাতে আবাসিক হলে অভিযান চালিয়ে আটকদের ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
“দুপুরে তাদের আদালতে হাজির করে পাঁচদিনে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে।”
