২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননগরে ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে গ্রাহকের নামে ঋণ তুলে আত্মসাতের অভিযোগে একটি ব্যাংকের ফিল্ড সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজের কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে জীবননগর থানান ওসি লিয়াকত হোসেন জানান।    

আটক মনোয়ার হোসেন (৪৮) সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আলমডাঙ্গার ঘোলদাড়ি কৃষি ব্যাংক শাখায় ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন তিনি।

নূরুল হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জীবননগর উপজেলার কয়া গ্রামের বাসিন্দা ও ব্যাংকের গ্রাহক আব্দুল ওয়াহেদের (৫৮) অভিযোগে সকালে আমার কার্যালয়ে হাজির হওয়ার জন্য মনোয়ারের নামে সমন পাঠানো হয়।

“মনোয়ার হাজিরা দিতে আসলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অভিযোগ আংশিক স্বীকার করলে পুলিশ ডেকে তাকে হস্তান্তর করা হয়।”

তিনি বলেন, “ব্যাংকে চাকরি করার সুযোগ নিয়ে মনোয়ার অন্যের নামে ঋণ তুলে নিজের প্রয়োজনে খরচ করেছেন। তবে কারো কারো ঋণের টাকা তিনি পরিশোধও করেছেন।”

অভিযোগ রয়েছে, মনোয়ার জীবননগর কৃষি ব্যাংক শাখায় চলতি বছরের মে মাস পর্যন্ত কর্মরত থাকা অবস্থায় ৪০ জন ঋণ গ্রহীতার নামে ভুয়া ফাইল খোলেন। এর মধ্যে তিনি ৩৪ জন গ্রাহকের নামে ২৮ লাখ এক হাজার ১১৭ টাকার ঋণ জালিয়াতি করে তুলে নেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকজন গ্রাহকের টাকা ব্যাংকে জমা দিয়ে ঋণ সমন্বয় করেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল ওয়াহেদ বলেন, “মনোয়ার আমাকে জানিয়ে আমার নামে একটিতে ৯০ হাজার ও ভুয়া ফাইলে এক লাখ ১০ হাজার করে মোট দুই লাখ টাকা ঋণ বরাদ্দ করে ওই টাকা আত্মসাৎ করেন।

“পরে আমি ওই টাকা চাইলে মনোয়ার আমাকে টাকা দিতে পারেন নি।”

 ওয়াহেদ আরও জানান, ঋণের টাকা না পেয়ে তিনি তার ছেলেকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন। পরে টাকার জন্য তাগাদা দিলে মনোয়ার দুই কিস্তিতে তাকে ১৫ হাজার টাকা দেন।

পরবর্তীতে টাকা আদায়ে ব্যর্থ হয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন বলে জানান তিনি।

এ বিষষে জানতে চাইলে মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “ভুয়া ঋণের ফাইল খুলে টাকা তুলে ওই টাকা আমি বাড়ি নির্মাণ কাজে ব্যয় করেছি।”

তবে অধিকাংশ গ্রাহকের টাকা ব্যাংকে সমন্বয় করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

জীবননগর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মনির উদ্দিন জানান, ফিল্ড সুপারভাইজার মনোয়ার হোসেনের দুর্নীতির তদন্ত করতে একটি তদন্ত টিম ঢাকা থেকে ব্যাংকে এসেছেন। তারা কাজ করছেন। 

লিখিত এজাহার পাওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।